বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামার আগে করোনা ভাইরাসের ধাক্কায় জেরবার জিম্বাবুয়ে দল। করোনায় আক্রান্ত হয়ে ম্যাচ থেকে ছিটকে পড়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। ব্যাটিংয়ে যারা দলটির মিডল অর্ডারের মূল ভরসা। দুজনই এখন আইসোলেশনে আছেন।
দুই অভিজ্ঞ ব্যাটসম্যানকে হারিয়ে ফেলা জিম্বাবুয়ে দলের নেতৃত্ব দিবেন ব্রেন্ডন টেইলর। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষেও অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
ব্যাটিংয়ে শক্তিমত্তা কমলেও আট বছর পর ঘরের মাঠে বাংলাদেশকে পেয়ে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলতে চান অভিজ্ঞ টেইলর। গতকাল সংবাদ সম্মেলনে স্পষ্ট বলে দিয়েছেন, আজ হারারের উইকেট হবে পেসবান্ধব।
উইলিয়ামস-আরভিনকে হারালেও তরুণদের ওপর আস্থা রাখছেন টেইলর। গতকাল বলেছেন, ‘আমরা কিছু অভিজ্ঞ ক্রিকেটারকে হারিয়েছি, কিন্তু আমাদের কিছু তরুণ ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় উঠে আসছে। তারা কোন অবস্থানে আছে, তা দেখার বড় সুযোগ এটি। জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য দারুণ সময়।’ পেস আক্রমণ দিয়েই বাংলাদেশের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ জানাবে স্বাগতিকরা। জিম্বাবুয়ের অধিনায়ক বলেছেন, ‘আমরা বাউন্সি ও গতিময় উইকেট চাই। স্লো উইকেট গড়ে খেলাটা তাদের হাতে দিতে চাই না। তাদের দলটা খুবই অভিজ্ঞ। আমরা খুবই ভালো একটা দলের বিরুদ্ধে খেলতে যাচ্ছি। গত কয়েক বছরে তাদের বিরুদ্ধে কঠিন সময় পার করেছি আমরা। তাদেরকে হোম কন্ডিশনে পাওয়াটা দারুণ কিছু। তাদের দলটা পূর্ণ শক্তির, কঠিন চ্যালেঞ্জ আশা করছি, আমরা এটার দিকে তাকিয়ে আছি।’