রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চলে গেলেন কাউখালী জেপির সভাপতি মাহবুবুর রহমান খান

পিরোজপুরের কাউখালী উপজেলা জাতীয় পার্টি-জেপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। মঙ্গলবার রাতে কলেজপাড়ায় নিজ বাসভবনে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন ধরে নানান জটিল রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকাল ১১টায় কাউখালী উপজেলা ঈদগাহ মাঠে এবং বাদজোহর শাহাপুরা গ্রামে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা নামাজের আগে ঈদগাহ মাঠে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার উপস্থিতিতে পুলিশের চৌকশ দল বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান খানকে গার্ড অব অনার প্রদান করেন। মাহবুবুর রহমান খান ১৯৯৬ সাল থেকে কাউখালী উপজেলা জাতীয় পার্টি-জেপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (আবুল কালাম আজাদ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা কমিটির সভাপতি ছিলেন। 

আনোয়ার হোসেন মঞ্জুর শোক প্রকাশ

কাউখালী উপজেলা জাতীয় পার্টি-জেপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান খানের মৃত্যুতে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক ও পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক পৃথক শোক বার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া মরহুমের আত্মার শান্তি কামনা করে পৃথকভাবে শোক প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টি-জেপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ মিঞা মনু, সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকিরসহ বিভিন্ন রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সামাজিক, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।