দীর্ঘ বিরতীর পর আবারো নির্মাতা সঞ্জয় ঘোষের ‘ব্লাইন্ড’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সিনেমাটিতে একজন অন্ধ পুলিশ অফিসার রূপে হাজির হবেন তিনি। যাকে সিরিয়াল কিলারের বিরুদ্ধে অনুসন্ধান করতে দেখা যাবে। করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন স্কটল্যান্ডে সিনেমাটির শুটিং করেছেন তিনি। নিজের চরিত্রটিকে প্রাণবন্ত করে তুলতে সাদা লেন্স ব্যবহার করেছেন বলে সোনম জানান। সোনম বলেন, ‘অনেকদিন পর পুরনো রূপে ফিরে ভালো লেগেছে। দারুণ একটি চরিত্র দিয়ে ফিরছি। নিজের চরিত্রের প্রয়োজনে অনেক পরিশ্রম করেছি। এমনকি শুটিংয়ের সময় সাদা লেন্স পড়তে হয়েছে। যা সত্যি অনেক কষ্টের ছিল।’ তবে ফেরার আলোচনার পাশাপাশি এবার নতুন খবর শিরোনামে এলেন এই অভিনেত্রী। বলিউডে সত্যভাষী হিসেবে বরাবরই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। বিভিন্ন সময় নানা অসংগতি নিয়ে কথা বলতে দেখা যায় তাকে। এবারো তেমনই এক অসংগতি নিয়ে মুখ খুললেন তিনি। বলিউডে পুরুষ ও নারী তারকার বৈষম্য নিয়ে বললেন তিনি। তার মতে, পুরুষ তারকার সঙ্গে নারী তারকার পারিশ্রমিকে পার্থক্য থাকা উচিত নয়। সোনম বলেন, ‘পারিশ্রমিকের বিষয়টি হাস্যকর! আমি এই বিষয়টি নিরসনের পক্ষে দাঁড়াতে পারি কিন্তু বিচার করতে পারি না। তবে আমি শেষ দুই তিন বছর ধরে অনুধাবন করছি যে কারো বিচার করার অধিকার আমার না থাকলেও প্রতিবাদ করার সামর্থ্য আমার আছে। আমি নিজেও পারিশ্রমিক বৈষম্যের শিকার, তাই এ নিয়ে কথা বলতে কারো কাছ থেকে জানতে হবে না।’