আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেগা প্রকল্পের বরাদ্দ কাটছাঁট করার বিএনপির প্রস্তাব উদ্ভট, উদ্দেশ্যমূলক। বিএনপি মেগা প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা দেখাতে পারেনি বলে এখন মেগা প্রকল্পের বিরোধিতায় নেমেছে। বিএনপি দেশের উন্নয়ন চায় না, তারা তাদের সময়ে উন্নয়নের নামে লুটপাট করেছে। সেতুমন্ত্রী গতকাল মঙ্গলবার সকালে তার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দুর্যোগে পরস্পরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই মানুষের মধ্যে মানবিকতা ফুটে ওঠে। যে কোনো মহামারি রোধকল্পে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম ব্যবস্থা উল্লেখ করে তিনি বলেন, করোনা মহামারি থেকে সুরক্ষা পেতে সবার সর্বোচ্চ মাত্রার সচেতনতার মধ্য দিয়ে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে হবে।
দেশের বিভিন্ন স্থানে কয়েকটি নদীর পানি প্রবাহ বেড়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যেসব এলাকায় পানি প্রবাহ বেড়েছে, সেসব এলাকায় বন্যার সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং জনগণের ভোগান্তি কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে।
মেগা প্রকল্পের বরাদ্দ কমিয়ে করোনার জন্য অর্থ সংস্থানের ব্যবস্থা করা হোক বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, করোনার জন্য সরকার পর্যাপ্ত বরাদ্দ রেখেছে। এক্ষেত্রে অর্থ সংস্থানের কোনো ঘাটতি নেই এবং হবেও না। করোনার টিকা সংগ্রহসহ সব সম্ভাব্য ব্যয় মেটাতে প্রধানমন্ত্রী বিধিবিধান প্রতিপালন সাপেক্ষে অত্যন্ত উদার বলেও জানান তিনি।
দেশের অর্থনৈতিক সক্ষমতা এখন অনেক শক্তিশালী জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, আর প্রবাসী আয় বেড়ে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।