টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার তিন মাস পর করোনায় আক্রান্ত হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য ও তার চার সহকর্মী। গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে এ তথ্য পাওয়া গেছে। ডা. সুশান্ত বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চিকিত্সাধীন রয়েছেন।
অসুস্থতা নিয়ে গত শনিবার ডা. সুশান্ত করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। গত সোমবার রাতে তার রিপোর্ট পজিটিভ আসে। এছাড়া টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পরে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের নার্স মনিকা বিশ্বাস, তৃপ্তি বাগচী, সিমা বিশ্বাস ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী নিপা গোলদার করোনায় আক্রান্ত হয়েছেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাওন সিকদার টুটু বলেন, ডা. সুশান্ত চলতি বছরের ৭ ফেব্রুয়ারি প্রথম এবং ৭ এপ্রিল দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন। এর তিন মাস পর তিনি করোনায় আক্রান্ত হলেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় এ উপজেলায় ৬১ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৭২৪ জন। এদের মধ্যে মারা গেছেন তিন জন।