শহরের হোটেল থেকে আনা ‘মোগলাই পরোটা খেয়ে’ স্বর্ণা ও শম্পা নামে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। তারা চাঁপাইনবাবগঞ্জ সদরের কালীতলা মহল্লার সাদিকুল ইসলাম রবির মেয়ে ও নবাবগঞ্জ সরকারি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। ১৭ বছর বয়সি দুই বোনই একই ক্লাসে লেখাপড়া করত। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে স্বর্ণা ও বেলা দেড়টার দিকে শম্পা মারা যায়। এ ঘটনায় তাদের মাসহ দুই জন অসুস্থ হয়ে পড়েছে।
মৃতদের পিতা সাদিকুল ইসলাম রবি জানান, সোমবার বিকালে শহরের পুরাতন বাজার এলাকার হোটেল শাহজাহান থেকে মোগলাই পরোটা কিনে বাড়িতে পরিবারসহ তিনি খান। এরপর রাতে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন, দুই মেয়ে স্বর্ণা ও শম্পা এবং আত্মীয় সিফাত (২০) অসুস্থ হয়ে পড়ে। গতকাল সকালে সদর হাসপাতালে নিয়ে গেলে স্বর্ণা ও তার মাকে চিকিত্সাসেবা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং সম্পা ও সিফাতকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বাড়ি আসার পরেই স্বর্ণা মারা যায়। অন্যদিকে সম্পার অবস্থা আশঙ্কাজনক হলে দুপুরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার পথে বেলা দেড়টার দিকে সে-ও মারা যায়।
এদিকে শাহজাহান হোটেলের মালিক জামাল উদ্দিন নাসের বলেন, তার দোকানের মোগলাই পরোটা খেয়ে অন্য আর কেউ অসুস্থ হয়নি। তবে আসলেই তার দোকান থেকে মোগলাই কেনা হয়েছিল কি না, তা ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হতে হবে।
এ ব্যাপারে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু রহমান জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।