করোনা ভাইরাস মহামারির কারণে আনুষ্ঠানিক কোনো কর্মসূচি আগে থেকে না জানালেও গতকাল মঙ্গলবার সীমিত পরিসরে পালিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘দেশব্যাপী কোডিভ-১৯ মহামারির কারণে কঠোর বিধিনিষেধ চলমান থাকায় দিবসটি সীমিত পরিসরে পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত কর্মসূচির শুরুতে সকাল ১০টায় শহিদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনভবন চত্বরে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে নিয়োজিত উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা জাতীয় পতাকা, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মুস্তাফিজুর রহমান আল-আরিফ বিশ্ববিদ্যালয় পতাকা এবং প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়কের প্রতিনিধি হিসেবে নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ ড. মো. একরাম হোসেন নিজ হলের পতাকা উত্তোলন করেন। এরপর শান্তির প্রতীক সাদা পায়রা ও বর্ণিল বেলুন-ফেস্টুন ওড়ানো হয়।
বেলা ১১টায় অনলাইনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাটি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ প্রচার করা হয়।