বিধিনিষেধ অমান্য: ৪ রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা জরিমানা

সরকারের বিধিনিষেধ অমান্য করে কঠোর লকডাউনের মধ্যেও রাত দশটা পর্যন্ত রেস্টুরেন্ট খোলা রাখায় রেস্টুরেন্টগুলোতে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

৬ জুলাই রাত ৯ টা থেকে মিরপুর ৬০ ফিট সড়কে অবস্থিত রেস্টুরেন্টগুলোতে এ অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম ইসমাম। এ সময় তাকে সহায়তা করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 

অভিযানে একজনকে সাত দিনের জেল এবং আরও চারটি রেস্টুরেন্টে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

কঠোর লকডাউনে সরকারের বিধিনিষেধ অনুযায়ী সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত রেস্টুরেন্টগুলোতে শুধুমাত্র অনলাইনে ডেলিভারি দেওয়ার কথা থাকলেও তা অমান্য করে রাত দশটা পর্যন্ত রেস্টুরেন্ট খোলা থাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

সরেজমিনে দেখা যায়, রাত দশটায় রেস্টুরেন্টের ভেতরে বসে খাওয়াচ্ছেন রেস্টুরেন্টগুলো। 

৬০ ফিটের শর্মা হাউজ, ফুড ইঞ্জিনিয়ারিং, কলাপাতা রেস্টুরেন্ট রসমেলা বেকারি সহ আরও কয়েকটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।  

এ সময় ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইসমাম বলেন, সরকারের বিধি-নিষেধ অমান্য করে রেস্টুরেন্ট ভেতরে বসে খাওয়াচ্ছেন তারা। রাত আটটায় রেস্টুরেন্ট বন্ধ করার কথা থাকলেও রাত দশটা, এগারোটা পর্যন্ত রেস্টুরেন্ট খোলা রাখা হয় এখানে। তাই আমাদের এই অভিযান। অভিযানে রেস্টুরেন্ট গুলোকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং একজনকে সাত দিনের জেল দেওয়া হয় বলেও জানান তিনি। 

ইত্তেফাক/এমইউএ/এমএএম