খুলনার চার হাসপাতালে করোনায় সর্বোচ্চ ২২ জনের মৃত্যু

খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে সর্বোচ্চ ২২ জনের মৃত্যুর মধ্যদিয়ে একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (০৭ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত খুলনা মহানগরীর চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১০ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৫ জন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে দুইজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়েছে। গত ৬ ও ৫ জুলাই ১৭জন, ৪ জুলাই ১৫জন, ৩ ও ২ জুলাই ১১জন এবং ১ জুলাই ১০ জনের মৃত্যু হয়েছিল।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৯ জন ও উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত ব্যক্তিরা হলেন, খুলনা মহানগরীর সোনাডাঙ্গার ঝর্ণা বেগম (৬০) ও লবণচরার রুমানা বেগম (৭১), বটিয়াঘাটা উপজেলার নারায়ণচন্দ্র (৮০), বাগেরহাটের ফকিরহাট উপজেলার সুনীল রায় (৭৫), একই এলাকার বাগানবাড়ীর আব্দুল হামিদ (৮৭), নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার এসএম বোরহান (৪৫), যশোর সদরের ঝুমুর বেগম (২৫), যশোরের কেশবপুর উপজেলার সুশান্ত কুণ্ড (৫৫) ও একই এলাকার শরিফা খাতুন (২৭)। এছাড়া হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৮৯ জন। যার মধ্যে রেড জোনে ১১৬ জন, ইয়োলো জোনে ৩৪ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪১ জন ও  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে মুখপাত্র ডা. প্রকাশচন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনার পাইকগাছা উপজেলার আব্দুল হালিম (৫০) ও সাতক্ষীরার আব্দুল মাজেদ শেখ (৬৫)। এছাড়া করোনা আক্রান্ত ৪৩ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, নগরীর ফুলবাড়ীগেট মিরেরডাঙ্গার রেজাউল ইসলাম (৭০), তেরখাদা উপজেলার আনন্দনগরের আকলিমা (৭৫), যশোরের কেশবপুর উপজেলার পদ্মরানী (৬৪), বাগেরহাটের মোংলার প্রভুনাথ (৫০) ও রামপাল উপজেলার রুহিকরণ (৬০)। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন, তার মধ্যে ৩২জন পুরুষ ও ৩৩ জন মহিলা। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।

গাজী মেডিকেল হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, খুলনা মহানগরীর মুসলমানপাড়ার নাসরিন আরা বেগম (৪৫), সোনাডাঙ্গার মো. আব্দুল হাই (৬৭) ও টুটপাড়ার নাসিমা বেগম (৪৬), ডুমুরিয়া উপজেলার শাহাপুরের উম্মে কুলসুম (৭০) ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার আরিয়ানার বেলতিয়ার লুৎফর রহমান (৬২)। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৩১ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ৮ জন ও এইচডিইউতে আছেন ৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন। পিসিআর ল্যাবে ৫৩টি নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

ইত্তেফাক/এমআর