শেষপর্যন্ত ফিট হয়ে উঠতে পারলেন না তামিম ইকবাল। বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। তবে দীর্ঘ ১৬ মাস পর দলে ডাক পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদকে রাখা হয়েছে একাদশে।
দীর্ঘদিন ধরেই হাঁটুর ইনজুরিতে ভুগছিলেন টাইগারদের ড্যাশিং ওপেনার। ঢাকা প্রিমিয়ার লিগ খেলার সময় ব্যথা তীব্র হওয়ায় টুর্নামেন্টের মাঝপথ থেকেই বিদায় নেন তিনি। আশা করছিলেন টেস্টে খেলতে পারবেন তিনি।
তার জন্য শেষমুহুর্ত পর্যন্ত অপেক্ষা করে টিম ম্যানেজমেন্ট। আগের দিন অধিনায়ক মুমিনুল হকও জানিয়েছিলেন, তামিমের জন্য ম্যাচের আগমুহুর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। তবে শেষপর্যন্ত তাকে পুরোপুরি ফিট না মনে করায়, তামিমকে ছাড়াই খেলতে নামছে টাইগাররা। তামিম না থাকায় একাদশে স্থান পেয়েছেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ।
তামিমের পরিবর্তে ওপেন করবেন দুই তরুণ সাদমান ইসলাম অনিক ও সাইফ হাসান। ডিপিএলে ইনজুরিতে পড়া মুশফিকুর রহিম অবশ্য কামব্যাক করেছেন।
দুই পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। সঙ্গে থাকছেন স্পিনার সাকিব ও মিরাজ।
বাংলাদেশ একাদশ: মুমিনুল (অধি.), সাদমান, সাইফ হাসান, নাজমুল শান্ত, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদি মিরাজ, তাসকিন, এবাদত।
ইত্তেফাক/এএএন