রংপুরে বিভাগে মৃত্যু ১৪: শনাক্তের হার ৪২ শতাংশ

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও জেলার চারজন, দিনাজপুরের তিনজন, রংপুরে দুইজন, লালমনিরহাটে দুইজন, নীলফামারীতে ১জন, গাইবান্ধায় ১জন ও কুড়িগ্রামের একজন করে রয়েছেন। এ নিয়ে গত ছয়দিনে বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ৮৭ জনের। 

বিভাগে শনাক্তের হার ৪১ দশমকি ৮০। বুধবার (৭ জুন) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, একই সময়ে বিভাগে নতুন করে ৫৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ১১১, ঠাকুরগাঁওয়ের ১০৮, রংপুরের ৯২, গাইবান্ধার ৬২, কুড়িগ্রামে ৫৯, নীলফামারীর ৫২, পঞ্চগড়ের ৪৫ ও লালমনিরহাট জেলার ৪২ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৪ জন।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে,গত মঙ্গলবার (০৬ জুলাই)রংপুর বিভাগের আট জেলার ১ হাজার ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫৭১ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে বিভাগের হিলি ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও চারজন দেশে ফিরেছেন। করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে গত মঙ্গলবার পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৬৬ হাজার ৯১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩০ হাজার ১১৩ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৬০৬ জন।

করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকার ঘোষিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিভাগের নির্দেশনা মেনে চলার বিকল্প নেই। 

ইত্তেফাক/এনএ