করোনা ভাইরাসের টিকা নিয়েছেন কারাবন্দি সু চি

বিবিসি

মিয়ানমারের ক্ষমতাচ্যুত কারাবন্দি নেত্রী অং সান সু চির করোনা ভাইরাস টিকা নেওয়া সম্পন্ন হয়েছে বলে তার আইনজীবী নিশ্চিত করেছেন। সু চির আইনজীবী এ কথা জানালেও ৭৬ বছর বয়সি এ নেত্রী কবে টিকার ডোজগুলো নিয়েছেন ও তাকে কোন টিকা দেওয়া হয়েছে তা পরিষ্কার হয়নি।

মিয়ানমার জুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির মধ্যেই দেশটির গণতন্ত্রপন্থি নেত্রীকে টিকা দেওয়া সম্পন্ন করল দেশটির ক্ষমতাসীন সামরিক জান্তা। ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকেই প্রতিবাদে দেশটির স্বাস্থ্যকর্মীরা ধর্মঘট শুরু করে, এতে সেখানকার চিকিত্সাব্যবস্থা অনেকটা অকার্যকর হয়ে আছে। মিয়ানমারের ৫ কোটি ৪০ লাখ জনসংখ্যার মধ্যে মাত্র ২ দশমিক ৮ শতাংশ পুরোপুরি টিকার আওতায় এসেছেন। দেশটিতে এ পর্যন্ত ৩৫ লাখ ডোজের মতো করোনা ভাইরাস টিকা বিতরণ করা হয়েছে। প্রতিবেশী ভারত ও চীন থেকে যথাক্রমে ১৫ লাখ ও ৫ লাখ করোনা ভাইরাস টিকা পেয়েছে মিয়ানমার। দেশটি আরো টিকা পাওয়ার চেষ্টায় আছে।

মঙ্গলবার দেশটিতে রেকর্ড ৩ হাজার ৬০২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। মিয়ানমারের সংক্রমণ সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ চীনের রুইলি শহরেও ছড়িয়েছে, একই দিন সেখানে ১৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ বাড়ায় দেশটির রাজধানী নেপিডোতে সোমবার থেকে রেস্তোরাঁয় পানাহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আরো বিধিনিষেধ জারি করা হবে বলে ধারণা করা হচ্ছে।