কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কোটালীপাড়া উপজেলার ১৩টি বাজারে ১১৮টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে বসে উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন। বাজারগুলো হলো—উপজেলার ঘাঘর বাজার, চৌধুরীর বাজার, ধারাবাশাইল বাজার, শুয়াগ্রাম বাজার, সিকির বাজার, রাধাগঞ্জ বাজার, কালিগঞ্জ বাজার, বান্ধাবাড়ি বাজার, রামনগর বাজার, কুশলা বাজার, রাশশীল বাজার, পিড়ারবাড়ি বাজার ও ভাঙ্গারহাট বাজার। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এই সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের টিআর প্রকল্পের ১৯ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে উপজেলার ১৩টি বাজারে ১১৮টি সিসি ক্যামেরা ও মনিটর স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা উপজেলা পরিষদ কার্যালয় থেকে নিয়ন্ত্রণ করা হবে।