আমাদের ‘ইমি’ আছে :মেসি

স্পোর্টস ডেস্ক

অধিনায়ক লিওনেল মেসির কাঁধে চড়েই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসেছিল আর্জেন্টিনা। তবে দলটির সেমিফাইনাল জয়ের নায়ক গোলরক্ষক ইমালিয়ানো মার্তিনেজ। গোলবারের নিচে টাইব্রেকারে তার অবিশ্বাস্য নৈপুণ্যেই ফাইনালে উঠে এসেছে আর্জেন্টিনা। তাতেই টিকে রইল মেসির কোপা আমেরিকা জয়ের স্বপ্ন।

গতকাল সেমিফাইনালে টাইব্রেকারে কলম্বিয়াকে ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র ছিল। রুদ্ধশ্বাস উত্তেজনার টাইব্রেকারে কলম্বিয়ার তিনটি শট ঠেকান ইমালিয়ানো মার্তিনেজ। গোটা দলকে বাঁধনহারা উত্সবে ভাসান ২৮ বছর বয়সি এ গোলরক্ষক।

ম্যাচ শেষে সতীর্থকে প্রশংসায় ভাসিয়েছেন সময়ের সেরা ফুটবলার মেসি। গর্বিত, মুগ্ধ মেসি বলেছেন, ‘খুব কঠিন সময় ছিল, তবে আমাদের ‘ইমি’ আছে এবং সে বিস্ময়কর। তার ওপর আমাদের ভরসা ছিল। পেনাল্টি শুট আউট পুরোটাই ভাগ্যের ব্যাপার। তবে আমাদের বিশ্বাস ছিল, ইমি অন্তত দুটি শট ফেরাবে। এই সাফল্য তার প্রাপ্য। সে অসাধারণ।’

আর্জেন্টিনা শেষ কোপা আমেরিকার ট্রফি জিতেছিল ১৯৯৩ সালে। এরপর ২০০৪, ২০০৭ সালে ফাইনালে ব্রাজিলের কাছে এবং ২০১৫, ২০১৬ সালে ফাইনালে চিলির কাছে হেরেছিল আর্জেন্টাইনরা। ২৮ বছরের ট্রফির খরা ঘোচানোর সুযোগ পেল আলবেসেলেস্তেরা। ফাইনালে এসে দারুণ খুশি মেসি।

তিনি বলেছেন, ‘আমাদের লক্ষ্য ছিল এখানে এসে সবকটি ম্যাচ খেলা। সেটি আমরা পূরণ করতে পেরেছি, এখন আমরা ফাইনালে।’

গোলকিপার হিসেবে ইমালিয়ানো মার্তিনেজ অবশ্য আর্জেন্টাইনদের প্রথম পছন্দ ছিলেন না। ফ্রাঙ্কো আরমানির ইনজুরির কারণে সুযোগ পান তিনি। টাইব্রেকারে ইমালিয়ানো মার্তিনেজের এমন সাফল্য নতুন নয়। সর্বশেষ মৌসুমেও অ্যাস্টন ভিলার হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা গোলরক্ষক ছিলেন তিনি।

ম্যাচ শেষে ইমালিয়ানো মার্তিনেজ বলেছেন, ‘আমি আসলে কথা খুঁজে পাচ্ছি না। তারা ম্যাচটি টাইব্রেকারে টেনে নিয়েছে, যেখানে ভাগ্যই মূল ব্যাপার। তবে আজকের দিনটি ছিল আমার ও আমাদের বিজয়ের।’

এবার ব্রাজিলের বিরুদ্ধে ফাইনাল জিততেও আশাবাদী ইমালিয়ানো মার্তিনেজ। সেখানে মেসির ওপরই ভরসা করছেন তিনি। স্বাগতিক ব্রাজিলকে সম্মান জানালেও মারাকানায় ট্রফি উঁচিয়ে ধরতে চান জানিয়ে তিনি বলেছেন, ‘ব্রাজিল অবশ্যই দুর্দান্ত দল তবে আমাদের আছে বিশ্বসেরা ফুটবলার। আমরা সেখানে জিততেই যাচ্ছি।’