বাগমারায় কলেজ শিক্ষককে পেটানোর ঘটনায় তীব্র নিন্দা

রাজশাহীর বাগমারায় লকডাউনের বিধিনিষেধ কার্যকরের নামে একজন কলেজ শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম। অবিলম্বে সরকারের কাছে সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তপূর্বক এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. মাইন উদ্দীন। রাজশাহীর পুঠিয়ায় সাধনপুর স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক আব্দুল আজিজ প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার বিকালে উপজেলার সাঁকোয়া গ্রামে বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় তিনি নিজেকে একজন কলেজ শিক্ষক পরিচয় দিলেও একজন সরকারি কর্মকর্তা তাকে লাঠি দিয়ে প্রচণ্ড আঘাত করেন। এতে তার হাতের হাড় ভেঙে যায়। —প্রেস বিজ্ঞপ্তি