চট্টগ্রামে লকডাউনে বেড়েছে ছিনতাইকারীর দৌরাত্ম্য

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে লকডাউনের কারণে রাস্তাঘাট ফাঁকা থাকায় ছিনতাইকারীর দৌরাত্ম্য বেড়েছে। নগরীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় এক উবারচালকসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত সোমবার দুপুরে নগরীর আগ্রাবাদ এলাকায় একটি এবং রাতে চকবাজার এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসব ঘটনায় অভিযান চালিয়ে নিউমুরিং এলাকা থেকে ডিউক মণ্ডল নামে এক উবারচালককে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ। তাকে আগ্রাবাদ এলাকায় ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার করা হয়েছে। এছাড়া চকবাজার এলাকায় ছিনতাইয়ের ঘটনায় ওমর ফারুক রুবেল ও মো. রাশেদ নামে দুই ছিনতাইকারীকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।