রাজশাহীতে শহিদজননী সুরাইয়া সালামের ইন্তেকাল

রাজশাহী অফিস

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট আব্দুস সালামের সহধর্মিণী এবং কালরাতে অন্যতম দুই শহিদের জননী সুরাইয়া সালাম (৯৬) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বুধবার নগরীর লক্ষ্মীপুরে মেয়ের বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। বাদ-আসর নগরীর লক্ষ্মীপুর ঝাউতলা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে সুরাইয়া সালামের মরদেহ নগরীর হেতম খাঁ গোরস্থানে সমাহিত করা হয়। তার মৃত্যুতে রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সুরাইয়া সালামের তিন ছেলে এবং পাঁচ মেয়ের মধ্যে মহান মুক্তিযুদ্ধে শহিদ হন দুই জন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে তার বড় ছেলে তত্কালীন ঢাকা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী সেলিমুজ্জামান সেলিম ও রাজশাহী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ওয়াসিমুজ্জামান ওয়াসিমকে পাকিস্তান হানাদার বাহিনী নির্মমভাবে গুলি করে হত্যা করে।