টিকটক বাবুর পাঁচ সহযোগী রিমান্ডে

ইত্তেফাক রিপোর্ট

অস্ত্র আইনে করা মামলায় টিকটক হূদয় বাবুর অন্যতম সহযোগী ও রাজধানীর মগবাজারের চিহ্নিত সন্ত্রাসী অনিক হাসান ওরফে হিরো অনিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর হাতিরঝিল থানার অস্ত্র আইনে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম আসামি হিরো অনিকের তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে মো. শহিদুল ইসলাম ওরফে অ্যাম্পুল (৩৪), আবির আহমেদ রাকিব (২২), মো. সোহাগ হোসেন আরিফ (৩৬) ও হিরাকে (২২) হাতিরঝিল থানার ডাকাতি প্রস্তুতি মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম তাদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রবিবার রাতে অভিযান চালিয়ে টিকটক হূদয় বাবুর সহযোগী হিরো অনিকসহ পাঁচ জনকে বিদেশি অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার করা হয়। এরপর হাতিরঝিল থানায় অনিকের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়। এছাড়া অন্য চার জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরো একটি মামলা করা হয়।