একটি মহল সরকারের অন্ধ সমালোচনা করে যাচ্ছে :কাদের

বিশেষ প্রতিনিধি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি মহল অবিরাম সরকারের অন্ধ সমালোচনা করে যাচ্ছে। রাজনীতিবিদদের একটি অংশের পাশাপাশি গণমাধ্যমের একটি অংশও সরকারের দোষ খুঁজে বেড়াচ্ছে। তারা সরকারের ভালো কিছু দেখতে পায় না। দেখতে পায় না কোনো সাফল্য। সরকার গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় উল্লেখ করে তিনি বলেন, ঢালাও সমালোচনা এবং উদ্দেশ্যমূলক অপপ্রচার সরকারের কর্মোদ্যমকে ব্যাহত করে। সংকটে, দুর্যোগে দলমত নির্বিশেষে সবারই দায়িত্বশীল হতে হবে।

গতকাল বুধবার সকালে নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। করোনার প্রথম ঢেউ সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে সামাল দিয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, করোনা মহামারিতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি যখন পর্যুদস্ত তখন শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিস্ময় জাগিয়েছে। তিনি বলেন, জনগণের জীবন ও জীবিকার সুরক্ষায় সরকার এবং আওয়ামী লীগ জনগণকে নিয়ে মহামারির বিরুদ্ধে সফলতার সঙ্গে লড়ে যাচ্ছে। অসহায় মানুষের সুরক্ষায় সরকারের সুদক্ষ কর্মপ্রয়াস বিশ্বসভায় প্রশংসিত হলেও দেশের রাজনীতিবিদ ও মিডিয়ার একটি অংশের প্রশংসা করতে এক ধরনের কার্পণ্য দেখা যায়। কাজের ন্যূনতম স্বীকৃতিও তাদের কাছ থেকে পাওয়া যায় না।

ওবায়দুল কাদের বলেন, সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে। বাড়ছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু। নিজের সুরক্ষায় সচেতন থাকার পাশাপাশি অন্ধ সমালোচনার বিপরীতে সহযোগিতার মনোভাব নিয়ে সবার এগিয়ে আসা প্রয়োজন। তিনি বলেন, অপ্রয়োজনে বা সামান্য প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

অদৃশ্য শত্রু করোনা মহামারি থেকে দেশ ও জনগণের সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনাকালে রাজনীতি হচ্ছে মানুষকে বাঁচানো। কিন্তু বিএনপি মিথ্যাচার করে যাচ্ছে। করোনার উচ্চমাত্রার সংক্রমণকালেও বিএনপি অসহায় মানুষের পাশে না থেকে পুরোনো রেকর্ড বাজিয়ে যাচ্ছে।