উত্ত্যক্ত করার পর বাসায় ঢুকে মারধোর, লুটপাট

ইত্তেফাক রিপোর্ট

লকডাউনের মধ্যে বাজার করতে গিয়ে এক নারী উত্ত্যক্তের শিকার হয়েছেন। এলাকার ছাত্রলীগ নামধারী এসব বখাটে যুবকেরা শুধু উত্ত্যক্ত করেই ক্ষান্ত হয়নি, ঐ নারীর পিছু নিয়ে বাসায় ঢুকে তার স্বামীকে ব্যাপক মারধর করে মূল্যবান জিনিসপত্র তছনছ ও লুটপাট করে বীরদর্পে চলে যায়। পরে পুলিশের কাছে অভিযোগ করা হলে, প্রথম পর্যায়ে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। এতে ঐ নারী বিষয়টি উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেন। সেটি ভাইরাল হলে পুলিশ চার বখাটে যুবককে গ্রেফতার করতে বাধ্য হয়। ঘটনাটি ঘটেছে রাজধানীর হাজারীবাগ থানাধীন জিগাতলার তল্লাবাগে। গত সোমবার সকালে ঐ ঘটনা ঘটার পর মঙ্গলবার রাতে পুলিশ আশিক (২৫), মালেক (৩৫), সাখাওয়াত হোসেন জনি (৩০) ও শরীফ (২৭) নামে চার জনকে গ্রেফতার করেছে।

ঘটনার বর্ণনা দিয়ে ঐ নারী গণমাধ্যমকে জানান, সকালে বাড়ির সামনের দোকানে সপ্তাহের বাজার করতে যান। বাজার করার সময় তিন যুবক তাকে টিজ করতে থাকে। বাজার নিয়ে বাসায় আসার সময় তারা ঐ নারীর পিছু নেয়। বাসায় ঢোকার পর ঐ বখাটেরা তার ফ্ল্যাটের দরজায় নক করে। পরে বাড়ির মালিককে ডেকে এনে দরজা খুলে দিলে বখাটেরা তার স্বামীকে মারধর করে। তিনি বিষয়টি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তার বড় আপুকে জানান। হাজারীবাগ থানা থেকে পুলিশ আসার পর বখাটেদের নেতা সাখাওয়াত হোসেন জনিকে দেখে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। পরে ঐ নারী হাজারীবাগ থানায় গিয়ে জনি, ইসমাইল হোসেন তপু, রায়হান হোসাইন জীবন, আশিক, রাজন আহমেদ, মালেক, শরীফ, দ্বীপ  হোসেন রিমন ওরফে সাকিল ও আলামিন খানের নাম উল্লেখ করে একটি মামলা করেন।

হাজারীবাগ থানার এসআই মধুসুদন মজুমদার জানান, ঐ ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।