ইত্তেফাক ডেস্ক
গাজীপুরে পৃথক দুর্ঘটনায় তিন জনসহ বিভিন্ন স্থানে সড়কে ছয় জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার ও গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। স্টাফ, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
গাজীপুর :গাজীপুরে পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী এবং ইজিবাইকের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহতরা হলো, গাজীপুরের বাইমাইল এলাকার মজিবুর রহমানের ছেলে সামির হোসেন (১৬) ও একই এলাকার ভাড়াটিয়া শহিদুল ইসলামের ছেলে মো. হাসান (১২) অন্যদিকে নগরীর বাংলাবাজার-মির্জাপুর সড়কে আলম মার্কেটের সামনে ইজিবাইকের চাপায় রাহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বাংলাবাজার এলাকার বেলালের বাড়ির ভাড়াটিয়া রাসেল মিয়ার ছেলে।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) :ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে এক শিক্ষক মারা যান। নিহত স্কুল শিক্ষক শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের তরিকুল ইসলাম (৪৫)। নিহতের ছেলে মোটরসাইকেল আরোহী তামিম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন। গতকাল উপজেলার আড্ডা টু সরাইগাছী আঞ্চলিক সড়কের দীঘার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ভটভটি চালককে আটক করা হয়েছে।
গৌরনদী (বরিশাল) :বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদীর ইল্লা নামক স্থানে মঙ্গলবার রাতে ট্রাক চাপায় অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়। লাশ শনাক্তের জন্য পিবিআইকে লাশের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ :ফতুল্লায় ইজিবাইকের চাপায় শিল্পী আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে জেলা পুলিশ লাইনের সামনে এ দুর্ঘটনা ঘটে। শিল্পী আক্তার মুন্সিগঞ্জ দশকানি গ্রামের হুমায়নের স্ত্রী।