চট্টগ্রাম অফিস
টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম এবং একাধিক ডিলারশিপ নেওয়ার অভিযোগে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চারটি ডিলারশিপ বাতিল করা হয়েছে। ডিলাররা হলেন :চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দীরহাট বাজারের মো. হেলাল উদ্দিনের মেসার্স জননী স্টোর, বোয়ালখালী উপজেলার চরণদ্বীপের মেসার্স দিদারুল আলম, আনোয়ারা উপজেলার তুলাতলির মেসার্স আল আমীন পেইন্ট এবং নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজারের মেসার্স ট্রেড লিংক।
টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন আহমেদ গতকাল ইত্তেফাককে বলেন, টিসিবির পণ্যের সঙ্গে নিম্ন মানের চা-পাতা বিক্রির অভিযোগে জননী স্টোরের ডিলারশিপ বাতিল করা হয়। এছাড়া নগর ও গ্রামে দুটি করে ডিলারশিপ নেওয়ায় বাকি তিনটি ডিলারশিপ বাতিল করা হয়েছে। উল্লেখ্য, টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অধীনে ১১৫ জন ডিলার রয়েছেন।