১৪ বছর পর আবারো কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা ও ব্রাজিল। ১২০ মিনিট লড়াই শেষে টাইব্রেকে ৩-২ গোলে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। একই রাতে নির্ধারণ হয়েছে ইউরো ফুটবলের এক ফাইনালিস্টের নামও; স্পেনকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ইতালি। বুধবার রাতে ইউরোর সেমিফাইনাল এবং গতকাল ভোরে কোপার সেমিফাইনালের লড়াই ফুটবলপ্রেমীদের মুগ্ধতা দিয়েছে। দুই ম্যাচই ছিল উত্তেজনায় ঠাসা।
আর্জেন্টিনা-কলম্বিয়ার বারুদ লড়াইয়ে যতটা না সৌন্দর্য্য ছিল তার চেয়েও বেশি ছিলো দুই দলের ফুটবলারদের ধাক্কাধাক্কি। মাঠের ধাক্কাধাক্কিতে রক্ত ঝরেছে মেসির পায়েও। নির্ধারিত ৯০ মিনিটে খেলার ফলাফল ছিলো অনির্ধারিত (১-১)। ১২০ মিনিট লড়াই শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকে। আর এই টাইব্রেকের ভাগ্য নির্ধারণীতে ৩-২ গোলে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠে যায় মেসির আর্জেন্টিনা। আর্জেন্টিনা তাদের ইতিহাসের ১৫ বার পেনাল্টি শ্যুটআউটে ৯ বার জিতেছে। কোপার ফাইনাল মঞ্চে আর্জেন্টিনার জন্য অপেক্ষা করছে কোপার বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। ১৪ বছর পর কোপার ফাইনালে ব্রাজিল ও আর্জেন্টিনা। ২০০৭ সালে দুই দল শেষবার কোপার ফাইনালে মুখোমুখি হয়েছিলো। সেই দেখায় অবশ্য ব্রাজিলই শিরোপা ছুঁয়েছিলো। ২০০৭, ২০১৫ এবং ২০১৬ কোপা আমেরিকার ফাইনাল আর ২০১৪ সালে বিশ্বকাপের ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনার।
অন্যদিকে ইউরোর প্রথম সেমিফাইনালে স্পেনকে হারিয়ে ফাইনালের টিকেট পেয়েছে ইতালি। ম্যাচে ইতালি এগিয়ে ছিল, স্পেন গোল শোধ করে সমতা আনে। দানিয়েল ওলমো বাড়িয়ে দিলেন আর আলভের মোরাতা গোল করলেন। এই দুই নায়ক ভিলেনে পরিনত হলেন টাইব্রেকিংয়ে তারা গোল করতে পারেননি। এই দুই জনের কারণেই স্পেন পারেনি। যাদের হাতে ম্যাচে ফেরা, তাদের হাতেই স্পেনের সর্বনাশ। ইতালি টাইব্রেকিংয়ে ৪-২ গোলে স্পেনকে হারিয়ে ফাইনালে উঠল। যদিও ২০১৮ ইউরোতে এই স্পেনের কাছে টাইব্রেকে হেরে বিদায় নিয়েছিল ইতালি। ৬৮ সালের পর আরো একবার ইউরোর ফাইনাল মঞ্চে ইতালি। গত ১৪ ম্যাচে জয়ের রেকর্ড যেমন আছে তেমনি টানা ৩৩ ম্যাচ না হারার রেকর্ডও এখন ইতালির দখলে।