রংপুর বিভাগে করোনায় আরো ১৪ জনের মৃত্যু শনাক্ত ৪২ শতাংশ

রংপুর বিভাগে গতকাল বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও জেলায় চার জন, দিনাজপুরে তিন জন, রংপুরে দুই জন, লালমনিরহাটে দুই জন, নীলফামারীতে এক জন, গাইবান্ধায় এক জন ও কুড়িগ্রামে এক জন মারা গেছেন। এ নিয়ে গত ছয় দিনে এ বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ৮৭ জনের। বুধবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৫৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে ১১১, ঠাকুরগাঁওয়ে ১০৮, রংপুরে ৯২, গাইবান্ধায় ৬২, কুড়িগ্রামে ৫৯, নীলফামারীতে ৫২, পঞ্চগড়ে ৪৫ ও লালমনিরহাট জেলায় ৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ৪১ দশমিক ৮০। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৪ জন।