রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে দফায় দফায় বিদ্যুত্ বিভ্রাটে রোগীর চিকিত্সাসেবা ব্যাহত হয়েছে। বিশেষ করে করোনা ইউনিটের রোগীদের অক্সিজেন সরবরাহ মারাত্মক ব্যাহত হয়েছে। রামেক হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, এমতাবস্থায় করোনার রোগী সামলানো বেশ কষ্টসাধ্য হচ্ছে।
রোগীর স্বজনদের সূত্রে জানা গেছে, কয়েক দিন থেকেই রামেক হাসপাতাল এলাকায় বিদ্যুতের ঘনঘন আসা-যাওয়া চলছে। কোনো কোনো দিন কিছুক্ষণ পরপরই বিদ্যুত্ চলে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর আবার আসছে, আবারও চলে যাচ্ছে। রোগীর স্বজনদের অভিযোগ, কোনো কোনো দিন বিদ্যুত্ বিভ্রাট হচ্ছে ১০ থেকে ১২ বার। এতে সব থেকে বিড়ম্বনা আর ঝুঁকিতে রয়েছেন করোনা ওয়ার্ডের শ্বাসকষ্টের রোগীরা।