সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এবং ফার্স্ট লেডি রোজালিন কার্টার তাদের ৭৫তম বিবাহবার্ষিকী পালন করেছেন। গতকাল তাদের বিবাহ বার্ষিকী পালিত হয়। জর্জিয়ার একটি প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে হোয়াইট হাউজের বিলাসবহুল জীবন কাটিয়েছেন তারা। নোবেল বিজয়ী ৯৬ বছর বয়সী জিমি কার্টার বলেছেন, রোজালিনকে (৯৩) বিয়ে করা ছিল তার জীবনের সবচেয়ে ভাল কাজ। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বিল ক্লিনটন যখন জন্মই নেননি, তখন জিমি কার্টার বিয়ে করেছিলেন। জিমি কার্টার যখন নেভাল একাডেমির ছাত্র তখনই রোজালিন স্মিথকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু রোজালিন তখন প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। কারণ রোজালিন ১৩ বছর বয়সে তার বাবাকে কথা দিয়েছিলেন, বিয়ে করার আগে তিনি কলেজের শিক্ষা শেষ করবেন। সত্যিই কলেজ জীবন শেষ করে ১৯৪৬ সালে কার্টারকে বিয়ে করেন রোজালিন। -সিএনএন