তুরস্কের মসজিদে অটোমান যুগের ঘড়িগুলো মেরামত করা হবে

বিখ্যাত মসজিদগুলোর জন্য প্রাচীন অটোমান সাম্রাজ্যের ঘড়িগুলো মেরামত করার লক্ষ্যে কাজ শুরু করেছেন তুরস্কের একজন ঘড়ি প্রস্তুতকারক। এটা তার স্বপ্নও। তিনি পুরনো আমলের ঘড়ি মেরামতকারী হিসেবে পরিচিত। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, ইস্তানবুলের ঐতিহাসিক ফাতিহ জেলায় মাত্র ১৭ বছর বয়স থেকেই ঘড়ি মেরামতের কাজ শুরু করেন মেহমেট আলী করাকুহা। বর্তমানে তার বয়স ৫১ বছর।

ঐতিহাসিক মসজিদগুলোতে (বিশেষ করে উত্তর-পশ্চিম এডিরনে প্রদেশের সেলিমিয়ে এবং রাজধানী ইস্তানবুলের সোলেমানিয়াহ মসজিদ) প্রাচীন ঘড়ির একমাত্র মেরামতকারী হিসেবেও তিনি পরিচিত। এই ঘড়িগুলো নির্মাণ করেছিলেন বিখ্যাত অটোমান আর্কিটেক্ট মিমার সিনান।

মেহমেট আলী করাকুহা বলেন, আমার কেবল একটি স্বপ্ন রয়েছে। আর তা হলো কারাভ্যানে করে তুরস্ক ভ্রমণে ঘড়িগুলো মেরামত করা।

আমি মসজিদগুলোতে থাকা অটোমান যুগের সব ঘড়ি বাহিরে বের না করেই মেরামত ও রক্ষণাবেক্ষণ করতে চাই। একইসঙ্গে মসজিদের ইতিহাসের সহিত এগুলো মানুষের কাছে পৌঁছে দিতে চাই, যোগ করেন তিনি।

ইত্তেফাক/টিএ