বলছি তোমায়

তোমায় যদি ভিনদেশি গান ভীষণ রকম টানে

জানতে পারি মন কাড়ে কি আমার দেশের গানে?

 

ঘুরছো যখন গাড়ি চেপে রঙিন শহর জুড়ে

দেখেছো কি দেশের শোভা সবুজ গাঁয়ে ঘুরে?

 

ঝকমকানো শহর তোমার লাগে ভীষণ ভালো

তাই বলে আর ভাল্লাগেনা জোনাক পোকার আলো!

 

সময় কাটে লেকের ধারে মন খারাপ হয় যদি

নাম জানো না সোমেশ্বরী’র, মায়াবিনী নদী!

 

অলীক জগত্ চষেই বেড়াও যখন তুমি ঘরে

পানকৌড়িরা খেলা করে ওই নদীটির চরে।

 

বুঁদ হয়ে ভাই খেলছো তুমি তোমার নেশার খেলা

নেই পরিচয় মাটির সাথে খেলা আছে মেলা।

 

হলিউডের ছবির খবর জানছো ষোলো আনা

সপ্তবীরের নামগুলো কি আছে তোমার জানা?

 

খাবার প্রিয় তোমার কাছে পাস্তা নুডুল মমো

তপসে তো নয়, অনেক মাছের নামটি জানো কমও।

 

বন্ধু তুমি, ঘুমেই থাকো সূর্য যখন ওঠে

হয় না দেখা সূর্য ওঠা গোলাপ কখন ফোটে।

 

এসব তোমার রুটিন করা করছো তুমি রোজ

তুমি তো আর যাও না গাঁয়ে নাও না কোনো খোঁজ।

 

বলছি তোমায়, কৃত্রিমতার শহর ঝলোমলো

গাঁয়ের কোলে এমন মায়া কোথায় পাবে বলো?