বৃষ্টিফুল

বৃষ্টিফুলে ভরেছে উঠোন

টুপুর টাপুর টুপ

এমন সময় ঘরের কোণে

থাকবো না তো চুপ।

মেঘের বেলা যায় যে বয়ে

আকাশ আঙিনায়

প্রণের মাঝে বাজছে বাঁশি

আয় রে ছুটে আয়।

বৃষ্টি তো নয় আকাশ জুড়ে

ঝরছে হাসি রাশি

দূর দিগন্তে মেঘের মায়া

বৃষ্টি ভালোবাসি।

জল ছলছল জল ছলছল

নদেয় এলো বান

টিনের চালে ঝুম ঝুমাঝুম

ছন্দে ভরে প্রাণ।

মনের উঠোন টইটম্বুর

শরীর ভেজা জলে

আজকে আমি ভেসেই যাবো

এই শাওনের ঢলে!

আলতো হাতে ছুঁয়ে দিল

আমার হূদয়মন

উতল হাওয়ায় মেঘে মেঘে

ব্যাকুল কুঞ্জবন।