ছোট ছোট কক্ষে ছোট ছোট লক্ষ্যে
মহাব্যস্ত সব মহাজন
কামরায় ধড় ছিন্ন হলো কারো
কারো বা গর্দানে ঢলে পড়ে পুষ্পমাল্য
পারলে বাগানটাই এনে গলায় ঝোলায়
একটি আসন শূন্য না হতেই তাতে বসবার জন্যে
বানর-সার্কাস, শতজনের বাসনা শত
থাকছে না সংগোপন
ঝড়ে জলোচ্ছ্বাসে ভাসমান জলযান জানে
কতো অনিশ্চিত তার ভাসার সময়
জানে না মানব, তাই দম্ভে স্ফীত তার স্বরযন্ত্র
পকেটে অদৃশ্য ছুরি নিয়ে ঘোরে এঘর ওঘর
আজকাল গলিতে গলিতে মেকি গালিব, জীবনানন্দ
একটি সংলাপ রচনার মেধা নেই
তবু উলুবনে নটরাজ, সেক্সহারা শেক্সপিয়ার
কক্ষের বাইরে থাকি অক্ষরের কক্ষপথে
আগুনশয্যায় থাকি বিস্মিত বিহ্বল।