আকাঙ্ক্ষা

দেহের কুসুম দাও, বাতাবিনেবুর ঘ্রাণ

কুসুমে কুসুমে ঝরনার স্নান শেষে

খাঁচার সংসার যাপন করব বনের কাকাতোয়া

দিবসের ডাকাডাকি অবসর পেলে

তোমার হাত কিংবা ঠোঁটের ইশারায়

নক্ষত্রের রাত জেগে কাটাব

 

কুসুম ছাড়া কে কখন কীভাবে বাঁচে

বুনো জীবনে বৃষ্টি না এলে

চাতকের বেঁচে থাকার আছে কি ইতিহাস?

 

যজ্ঞে ঘৃত ঢেলে দিলে

বেলপাতা আগুনের সাথে সহমরণে যায়।