পৃথক সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু

বিভিন্ন স্থানে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

রংপুর: নগরীর মডেল কলেজ মোড় ধর্মদাস এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে মাছবাহী পিকআপের চাপায় অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিন জন অটো যাত্রী। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্ডান মোড় থেকে অটোরিকশাটি মিঠাপুকুর যাচ্ছিল। এ সময় বিপরীত থেকে আসা মাছবাহী পিকআপের চাপায় অটোচালক কামাল হোসেন মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকতারুজ্জামান।

সিরাজগঞ্জ :সকালে বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় এক কাভার্ড ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত চালক সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চরনবিপুর গ্রামের মৃত আব্দুল প্রামাণিকের ছেলে কাজেম আলী। বঙ্গবন্ধু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, কাভার্ড ভ্যানটি সিরাজগঞ্জ আসার পথে বঙ্গবন্ধু সেতুর ১১ নম্বর পিলারের কাছে পৌঁছলে সামনের একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে কাজেম আলীর মৃত্যু হয়। এ ব্যাপারে বঙ্গবন্ধু পশ্চিম থানায় মামলা হয়েছে।

গাইবান্ধা :গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট এলাকায় মাইক্রোবাস চাপায় বুলু রানি নামের এক নারী নির্মাণশ্রমিক মারা গেছেন। নিহতের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের জগতরায় গোপালপুর গ্রামে। পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, মাঠেরহাট এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক সংস্কার কাজ চলছিল। সেখানে নির্মাণশ্রমিকের কাজ করছিলেন বুলু রানি। সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা থেকে পলাশবাড়ীগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায়। এ ব্যাপারে পলাশবাড়ী থানায় মামলা হয়েছে।

ত্রিশাল (ময়মনসিংহ) :ত্রিশালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুর ১২টার সময় উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের বালিপাড়া পয়েন্ট রোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর বালিপাড়ার পাটুলি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। ত্রিশাল থানার উপ-পরিদর্শক আশিকুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে।