চাঁপাইনবাবগঞ্জে কোরবানির পশু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা

এবার কোরবানির জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩ হাজার ১৬২টি খামারে ১ লাখ ৬৩ হাজার ১৮৬টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। যা চাহিদার চেয়ে প্রায় ৬০ হাজার বেশি। কিন্তু করোনা সংক্রমণের মধ্যে গরু নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন জেলার খামারিরা। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে হাটে দাম ভালো পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন তারা। এ প্রসঙ্গে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, এবার চাঁপাইনবাবগঞ্জে কোরবানির জন্য ১ লাখ ৬৩ হাজার ১৮৬টি গবাদি পশু প্রস্তুত রাখা হয়েছে। করোনার এ সময়ে অনলাইনসহ ছোট পরিসরে হাট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিতে কৃত্রিম উপায়ে কেউ যাতে গরু মোটাতাজা করতে না পারে তা নিয়মিত মনিটরিং করা হচ্ছে ।