বাড়ি যেতে ইবির বাস চান শিক্ষার্থীরা

চলমান লকডাউনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের অন্তত শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসের আশপাশে এবং কুষ্টিয়া-ঝিনাইদহ শহরের মেসে আটকা পড়েছেন। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় তারা বাড়ি ফিরতে পারছে না। স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি খাদ্য ও আবাসন সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন এসব শিক্ষার্থীরা। নিরাপদে বাড়ি ফেরা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে তাদের। এ অবস্থায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে (বাস) বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন। একই দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী। আটকে পড়া শিক্ষার্থীরা জানান, গত মাসে পরীক্ষা গ্রহণ করা হবে এমন সংবাদ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে। ফলে হঠাত্ করে সিট না পাবার আশঙ্কায় তারা ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন মেসে চলে আসেন। তবে ঈদুল আজহার ছুটির পরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী সময়ে লকডাউন ঘোষণা করা হলে দূরপাল্লার সব গণপরিবহন বন্ধ থাকায় তারা আর ফিরতে পারেননি।  আসিফ নামে এক শিক্ষার্থী বলেন, ‘কুষ্টিয়া-ঝিনাইদহে করোনা পরিস্থিতি ভয়াবহ। মেসে ঝুঁকিতে রয়েছি। নিরাপদে বাড়ি যেতে ক্যাম্পাসের বাস চাই।’ ইবি উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম দৈনিক ইত্তেফাককে বলেন, এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি।