ত্রিশালের ‘কালো মানিকের’ দাম ৩০ লাখ টাকা, কালো টাইগারের ১৫ লাখ

কোরবানির ঈদকে সামনে রেখে এ বছর ত্রিশালে বেড়ে উঠছে ষাঁড় ‘কালো মানিক’। ষাঁড়টির মালিক এর দাম হেঁকেছেন ৩০ লাখ টাকা। কালো মানিকের পাশাপাশি ত্রিশালে আলোচনায় আছে ‘কালো টাইগার’ নামের আরো একটি ষাঁড়। ‘কালো টাইগার’ বেড়ে উঠছে পৌর শহরে।

চার বছর ধরে ফ্রিজিয়ান জাতের ‘কালো মানিককে’ লালনপালন করছেন উপজেলার ধানীখোলা ইউনিয়নের জাকির হোসেন সুমন। গত বছর কোরবানির ঈদের আগে ষাঁড়টির নাম দিয়েছিলেন ‘কালো মানিক’। ত্রিশালসহ শহরেও নামটি এখন বেশ পরিচিত। এবার ঈদের আকর্ষণীয় এ ষাঁড় দেখতে ভিড় জমাচ্ছেন নানা বয়সের মানুষ। সুমন জানান, ফ্রিজিয়ান জাতের ষাঁড়টির উচ্চতা ৬ ফুট, আর লম্বা ১০ ফুটেরও বেশি। ওজন ১ হাজার ৫০০ কেজি অর্থাত্ ৩৭ মণ। ৩০ লাখ টাকা দাম পেলে তিনি গরুটি বিক্রি করবেন।

ফ্রিজিয়ান জাতের ‘কালো টাইগার’কেও চার বছর ধরে লালনপালন করছেন উপজেলার পৌর ৬ নম্বর ওয়ার্ড নওধার নদীরপাড় এলাকার নজরুল ইসলাম। ষাঁড়টিকে দেখতে প্রতিদিনই নজরুলের বাড়িতে ভিড় জমাচ্ছেন উত্সুক জনতা। ষাঁড়টি ১৫ লাখ টাকায় বিক্রির প্রত্যাশা করছেন তিনি। কালো টাইগার ছাড়াও তার খামারে আরো ১৫টি গরু রয়েছে। সবগুলো গরু ঈদ উপলক্ষ্যে বিক্রির জন্য তৈরি করা হয়েছে। কালো টাইগারের খাবারের জন্য প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকা ব্যয় হয় বলে জানান তিনি।