সিলেটের জাফলং তামাবিল সীমান্তে এক শিশুসহ দুই নাইজেরিয়ানকে আটক করা হয়। বৃহস্পতিবার ভোরে তামাবিল স্থলবন্দর সংলগ্ন নলজুরি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পল এবেদো ওচেকুকু (২৭) এবং ইমানুল নাম্মী ওহাগওয়াম (৪২) এবং তার পাঁচ বছর বয়সি মেয়ে ফেভার ওসিনাচি ওহাগওয়াম। তবে, শিশুটির পাসপোর্টে জাতীয়তা নাইজেরিয়ান উল্লেখ থাকলেও ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে নয়াদিল্লি।
গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গোয়েন্দা সংস্থার একটি দল বৃহস্পতিবার ভোরে তামাবিল সীমান্তের নলজুরি এলাকা থেকে শিশুসহ ঐ তিন জনকে আটক করে। দুপুরে তাদের গোয়াইনঘাট থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। যাচাই-বাছাই শেষে সঠিক তথ্যের ভিত্তিতে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।