চট্টগ্রামে করোনায় এক দিনে সর্বোচ্চ শনাক্ত

চট্টগ্রামে করোনা ভাইরাসে সংক্রমণ ও মৃতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত তিন দিন সংক্রমণের সংখ্যা ছিল ছয় শতাধিক। নগরীর তুলনায় উপজেলাগুলোতে উদ্বেগজনক হারে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ১০৯টি নমুনা পরীক্ষা করে ৭১৩ জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে নগরীর ৪৭৭ জন এবং বিভিন্ন উপজেলার ২৩৬ জন। সংক্রমণের হার প্রায় ৩৪ শতাংশ। এটি চট্টগ্রামে এক দিনে সর্বোচ্চ শনাক্ত বলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৯ জন। এর মধ্যে সাত জনই বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

গতকাল সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে এন্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এতে দেখা যায়, ১৪ উপজেলার প্রায় প্রতিটিতেই করোনা সংক্রমণ বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে হাটহাজারী উপজেলায়, ৫৮ জন। এছাড়া সীতাকুণ্ড উপজেলায় ৩৩ জন, ফটিকছড়ি উপজেলায় ২০ জন ও রাউজান উপজেলায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর আগে বুধবার বেলা ১১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬১১ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এদের মধ্যে চার জন মারা যান। শনাক্তের হার ছিল ৩৭ দশমিক ৩৯ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার চট্টগ্রামে ৬৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। মারা গিয়েছিলেন ৯ জন। শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ২ শতাংশ।