হারারে টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশের দাপট থাকলেও, দিনের শেষ সেশনে ম্যাচে ফিরেছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালোই জবাব দিয়েছে তারা। দিনশেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ১১৪ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ থামে ৪৬৮ রান করে। টাইগাররা এখনো ৩৫৪ রানে এগিয়ে।
দ্বিতীয় দিনের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। যার পুরো কৃতিত্বটা মাহমুদউল্লাহ রিয়াদ আর তাসকিন আহমেদের। দু’জন মিলে ভেঙে দিয়েছেন প্রায় ৯ বছরের পুরনো রেকর্ড। ৯ম উইকেটে রেকর্ড ১৯১ রানের পার্টনারশিপ গড়েন তারা। ক্যারিয়ারের ৫০তম ম্যাচ খেলতে নামা অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ দিনের প্রথম সেশনেই সেঞ্চুরি তুলে নেন। ক্যারিয়ারে এটি তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি।
অন্যপ্রান্তে চমক দেখিয়ে ফিফটি তুলে নেন পেসার তাসকিন আহমেদও। বেশ সাবলীল ভঙ্গিতেই ব্যাট চালাচ্ছিলেন তিনি। তবে ৭৫ রান করে আউট হন তাসকিন আহমেদ। দলীয় রান তখন ৪৬১। এরপর একপ্রান্তে ঝড় তোলার আভাস দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে স্ট্রাইকে টিকতে পারলেন না পেসার এবাদত। রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান তিনি।
১৫০ রান নিয়ে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘ ১৬ মাস পর দলে ফিরে খেললেন নিজের ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস। এর আগে তার সর্বোচ্চ ইনিংস ছিলো ১৪৬ রান। রিয়াদ-তাসকিনের দৃঢ়তায় বাংলাদেশ থামে ৪৬৮ রান করে।
জবাবে বেশ ভালো সূচনা পায় জিম্বাবুয়ে। সুম্বা আর কাইতানোর উদ্বোধনী জুটিতে ৬১ রান পায় তারা। তবে এ সময় ৪১ রান করা সুম্বাকে ফেরান সাকিব আল হাসান। এরপর দিনের বাকি সময়ে আর কোনো উইকেট ফেলতে পারেনি সফররত বোলাররা। ১১৪ রান নিয়ে দিন শেষ করে স্বাগতিকরা।
ইত্তেফাক/এএএন