আফগানিস্তানে পশ্চিমাঞ্চলীয় বাদঘিস প্রদেশের রাজধানী শহর তালেবান জঙ্গিদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে আফগান সেনারা। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার একথা জানিয়েছে। বুধবার তালেবান জঙ্গিরা বাদঘিসের রাজধানী কালা-ই-নাউ শহরে প্রবেশ করে হামলা চালায়। এই শহরের সঙ্গে তুর্কেমেনিস্তানের সীমান্ত আছে। শহরটির সীমান্ত এলাকায় এখনো কিছু জায়গায় লড়াই চলছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওয়াদ আমান বলেন, ‘রাজধানী শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এবং আমরা শহরের উপকণ্ঠে তালেবানের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি।’
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত হওয়ার পর থেকে কালা-ই-নাউয়েই বুধবার প্রথম সরাসরি হামলা চালিয়ে বসে তালেবান। জঙ্গিরা শহরের কয়েকটি অংশে ঢুকে ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটির (এনডিএস) কার্যালয় ও পুলিশ সদরদপ্তর দখলে নেয় এবং গভর্নরের কার্যালয়ও দখলের চেষ্টা চালায়। কিন্তু আফগান বাহিনীর শক্তিশালী প্রতিরোধের মুখে তারা পিছু হটে। শহর পুনরুদ্ধার অভিযানে বিমান হামলা চালানোর পাশাপাশি মোতায়েন করা হয়েছিল বিশেষ বাহিনী। জঙ্গিদের পিছু হটিয়ে দেওয়ার পর এখন কালা-ই নাউয়ের উপকণ্ঠে চলমান অভিযানেও অগ্রগতি হচ্ছে এবং শক্রপক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে বলেছে, লড়াইয়ে ৬৯ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। সরকারি বাহিনী তালেবানের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, শহর তালেবানমুক্ত হয়েছে। এ শহর এখন আফগান নিরাপত্তা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে। প্রাদেশিক গভর্নরও গণমাধ্যমকে বলেছেন, তালেবান জঙ্গিদের শহরের কয়েকটি এলাকা থেকে হটিয়ে দেওয়া হয়েছে।