উপহারের ঘরে নির্মাণ ত্রুটির জন্য দায়ীদের ছাড় নয় :কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও পরিকল্পনায় গৃহহীনদের জন্য বিনা মূল্যে গৃহ নির্মাণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। ইতিমধ্যেই সরকার প্রায় ১ কোটি ২০ হাজার গৃহহীন মানুষকে বাড়ি উপহার দিয়েছে। এর মধ্যে ২৪টি স্থানে নির্মাণকাজের ত্রুটি গণমাধ্যমে উঠে এসেছে, যা বাস্তবায়িত প্রকল্পের ০.২৫ ভাগ জানিয়ে তিনি বলেন, সরকারি খরচে এগুলো মেরামত এবং প্রয়োজনে পুনর্নির্মাণ করা হবে। যারা এই ত্রুটির জন্য দায়ী এবং দায়িত্বে অবহেলা ও অনিয়মে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। তিনি জানান, ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ হঠাত্ গজিয়ে ওঠা কোনো ভুঁইফোঁড় রাজনৈতিক সংগঠন নয়। দেশের প্রতিটি অর্জন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। এ দেশের মাটির অনেক গভীরে আওয়ামী লীগের শেকড়। বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। এ সম্পর্ক চিরকালের, ইচ্ছে করলেই কেউ তা মুছে ফেলতে পারবে না। আওয়ামী লীগকে নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। উলটো এই রাজনৈতিক দলটি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। আওয়ামী লীগকে যারা নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল,তারাই নিশ্চিহ্ন হয়েছে।’

বিএনপির রাজনীতি জনমানুষের জন্য নয়, উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, তাদের রাজনীতিতে ত্যাগের কোনো মহিমা নেই, আছে শুধু ভোগের উদগ্র বাসনা। বিএনপি এ দুঃসময়েও মানুষের পাশে না দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সব গৃহহীন মানুষের জন্য গৃহনির্মাণ নিশ্চিত না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। কিন্তু সরকারের এ মহত্ কার্যক্রম যখন দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে, তখন একটি মতলবি মহল বিষয়টি নিয়ে সমালোচনার নামে উদ্দেশ্য প্রণোদিত অপতত্পরতায় মেতে উঠেছে। পরিকল্পিতভাবে অপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানোর বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।