বরিশালে ব্যাটারিচালিত রিকশা চলাচলে পুলিশের বাধা সৃষ্টির প্রতিবাদে করোনা এবং লকডাউন উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শাখার আহ্বায়ক ইমরান হাবিব রুমন এবং সদস্য সচিব ডা. মণিষা চক্রবর্তীর নেতৃত্বে গতকাল বুধবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা অবরোধ করে তারা। করোনার মধ্যে ২ শতাধিক মানুষ জড়ো করে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বাসদ জেলা সদস্য সচিব ডা. মণিষা চক্রবর্তী জানান, নিরীহ রিকশাচালকদের ওপর হামলার ঘটনা বরিশালে নতুন নয়। প্রতিদিনই কোনো না কোনো চালক মার খাচ্ছে। লকডাউনে তো এই গরিব মানুষের খাদ্যের নিশ্চয়তা দিতে পারেনি সরকার। তাহলে খাদ্যের তাগিদে বের হলে মারধর করা হবে কেন। এ ঘটনায় চালকরা বিক্ষোভ করছিল। পরে পুলিশের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে রিকশা শ্রমিকরা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি নূরুল ইসলাম জানান, রিকশা আটক করায় শ্রমিকরা বিক্ষোভ করেছিল। তাদের বুঝিয়ে মহাসড়ক যানবাহন চলাকল উপযোগী করা হয়েছে।