রাঙ্গামাটিতে দুই গ্রুপের গুলি বিনিময়ে এক জন নিহত

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার নারানগিরি ও মিতিয়াছড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে দফায় দফায় গুলি বিনিময়ের ঘটনায় এক জন নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার সকাল থেকে ঐ এলাকায় জেএসএস (মূল) এবং এমএনপি সংগঠনের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। নিহত ব্যক্তি জেএসএস (মূল) দলের সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সংবাদ পেয়ে পানছড়ি (টিওসি) থেকে একটি সেনাদল ঘটনাস্থলে যায়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেনা সদস্যরা উক্ত স্থান থেকে একটি গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে। তদন্তের মাধ্যমে সেনাদল নিশ্চিত করে যে মৃত ব্যক্তি জেএসএসের (মূল) একজন চিহ্নিত সন্ত্রাসী। মৃত ব্যক্তিকে চন্দ্রঘোনা থানার নিকট হস্তান্তর করা হয়। বর্তমানে উক্ত এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। কাপ্তাই জোন এলাকায় টহল কার্যক্রম জোরদার করেছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।