বাণিজ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক খোলা হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানান হয়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট খুলে বেশ কিছুদিন ধরে প্রচারণা চালানো হচ্ছে। এতে বাণিজ্যমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ এবং র্যাবের আইটি বিষয়ক গোয়েন্দা শাখা প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।
আরো জানান হয়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি নিজ নাম ও ছবি ব্যবহার করে কোনো ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করেন না এবং তার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। এ বিষয়ে গত ৬ জুলাই, ২০২১ তারিখে ঢাকার রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়ারি (জিডি) দায়ের করা হয়েছে, জিডি নম্বর ২৩৯।