জিনজিয়াংয়ে উচ্চ প্রযুক্তি নজরদারি ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আরও ১০ এর অধিক চীনা কোম্পানির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা (কালো তালিকাভুক্ত) দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, গত মাসে মার্কিন বাণিজ্য বিভাগ ঘোষণা করেছিল যে, তারা আরও পাঁচটি কোম্পানি ও অন্যান্য চীনা সংস্থাকে কালো তালিকাভুক্ত করবে। সেই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার (৯ জুলাই) এ পদক্ষেপটি এলো।
সূত্র জানিয়েছে, বাণিজ্য বিভাগের কালো তালিকার সংযোজনগুলো মানবাধিকার লঙ্ঘনের জন্য চীনকে দায়বদ্ধ করতে বাইডেন প্রশাসনের প্রচেষ্টার অংশ।
অবশ্য জিনজিয়াংয়ে গণহত্যা ও জোরপূর্বক শ্রমের অভিযোগ সবসময় অস্বীকার করে আসছে চীন। তাদের দাবি, নীতিগুলোর মাধ্যমে বিচ্ছিন্নতাবাদী এবং ধর্মীয় উগ্রবাদীদের সরিয়ে দেওয়া প্রয়োজন, যারা মুসলিম অধ্যুষিত উইঘুর এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে হামলা চালিয়ে উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে।
সূত্রমতে, ১৪টি চীনা প্রতিষ্ঠানকে নতুন করে কালো তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে মার্কিন বাণিজ্য বিভাগ। তবে প্রতিষ্ঠানগুলোর নাম এখনো জানা যায়নি।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি ওয়াশিংটনে অবস্থিত মার্কিন দূতাবাস।
ইত্তেফাক/টিএ