আবুল কাসেম ভুঁইয়া
আমাদের দেশে উত্পাদিত বিভিন্ন ফলের মধ্যে সম্পূর্ণ নতুন জাতের ফল হচ্ছে পেপিনোমেলন। এই ফলের মধ্যে ৯৩ শতাংশ পানি রয়েছে। পেপিনোমেলন ফলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ফল কাঁচা খাওয়া যায়। জানা যায়, দেশে সর্বপ্রথম পেপিনোমেলন ফলের চাষ হচ্ছে রংপুরের মাটিতে। অনেকটা শখের বশে পেপিনোমেলনের একটি মাত্র চারা এনে চাষ শুরু করেন এই অঞ্চলের এক ব্যক্তি। একটি চারা থেকে বীজ সংগ্রহ করে ধীরে ধীরে পেপিনোমেলনের চাষ বাড়ানো হয়। এই ফল চাষে তেমন কোনো খরচ নেই। অল্প পুঁজিতে অধিক লাভ করা যায় পেপিনোমেলন চাষ করে। এই ফল দেখতে খানিকটা বেগুন কিংবা ডাবের মতো দেখায়। যদিও এটি একটি উন্নত জাতের ফল। পেপিনোমেলনের আদিনিবাস দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায়। স্থানীয় বাজারে এই ফলের চাহিদা থাকায় বাণিজ্যিক ভিত্তিতে চাষ শুরু হয়েছে। অনেকেই এগিয়ে আসছেন এই ফল চাষের জন্য। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রংপুর অঞ্চলের মাটি উর্বর এবং আবহাওয়া অনুকূল হওয়ায় এখানে পেপিনোমেলন চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।