মোংলা বন্দরে মোবাইল হারবার ক্রেন

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

অত্যাধুনিক মোবাইল হারবার ক্রেন নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ ‘ইমকি’। ইতালি পতাকাবাহী এ জাহাজটি বুধবার দুপুরে বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ে। জাহাজটিতে মোংলা বন্দরের জন্য তিনটি অত্যাধুনিক মোবাইল হারবার ক্রেন ছাড়াও ৮০টি প্যাকেজে করে এর মূল্যবান যন্ত্রাংশ আনা হয়েছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট অলসিস শিপিং লিমিটেডের প্রতিনিধি সাখাওয়াত হোসেন মিলন জানান, গত এক মাস আগে জার্মানির রকস্ট্রক বন্দর থেকে মোবাইল হারবার ক্রেন নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে ‘ইমকি’ জাহাজটি। অত্যাধুনিক এই ক্রেন তৈরি করেছে জার্মানির লিভার কোম্পানি বলে জানান তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের যান্ত্রিক ও তড়িত্ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সোহেল রানা বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষে আমদানিকৃত এসব ক্রেন বন্দরের জেটিতে সংযুক্ত করা হবে। যা দিয়ে বন্দরে আসা ১২ সারির কন্টেইনার জাহাজের কন্টেইনার একসঙ্গে হ্যান্ডেলিং করা যাবে। ১ হাজার ৩৩২ মেট্রিক টন ওজনের এই মোবাইল হারবার ক্রেনের জন্য ব্যয় হয়েছে ১২০ কোটি টাকা। পাঁচ দিনের মধ্যে ‘ইমকি’ জাহাজ থেকে অত্যাধুনিক এসব ক্রেন খালাস করে জার্মানের প্রকৌশলীদের দিয়ে এটি বন্দরের জেটিতে সংযুক্ত করা হবে বলেও জানান তিনি। এর আগে গত ১৫ জুন আরো দুটি মোবাইল হারবার ক্রেন আমদানি করে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক করতে নতুন নতুন ইকুইপমেন্ট সংযোজন করা হচ্ছে জানিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডের বন্দর ব্যবহারে বিদেশিদের আগ্রহ বাড়ছে। এরই মধ্যে এই বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সব প্রকার জটিলতা কাটিয়ে এ বন্দর এখন পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে। এজন্য বন্দরের রাজস্ব আয় বেড়েছে উল্লেখ করে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, বন্দর উন্নয়নে আরো প্রায় ৭০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।