চাটমোহর (পাবনা) সংবাদদাতা
কঠোর লকডাউনে প্রশাসনের নজরদারির মধ্যেও পাবনার চাটমোহরের হাট-বাজারে মানুষের ভিড় বাড়ছে। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। স্বাস্থ্যবিধির বালাই নেই।
শুক্রবার সকালে চাটমোহর পুরাতন বাজারে গিয়ে দেখা যায়, হাজারো মানুষের উপস্থিতি। অনেকের মুখেই ছিল না মাস্ক। উপজেলা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা-বিক্রেতারা এসেছেন বাজারে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে চলছে কেনাবেচা। অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে ছিল না মাস্ক। কারো কারো সঙ্গে মাস্ক থাকলেও তা ছিল পকেটে। কেউবা থুতনির নিচে ও কানে ঝুলিয়ে রেখেছেন।
বাজারে আসা আ. লতিফ নামের এক ব্যক্তি বললেন, মাস্ক পকেটে আছে। গরমের কারণে পরে থাকা যায় না। না পরলেও কেউ কিছু বলে না। তাই অনেকেই মাস্ক পরে না বলেন তিনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম বলেন, বারবার মানুষকে মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মানতে আহ্বান করা হচ্ছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করতে। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিজেদেরকেই সচেতন হতে হবে।