ডিমলায় হামলায় নিহত ১

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

ডিমলায় প্রতিপক্ষের হামলায় হরিপদ রায় (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট বোছাগাড়ি পাড়ার শ্মশান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হরিপদ ঐ এলাকার আন্ধারু বর্মণের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে হরিপদ রায়ের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রতিবেশীর বাড়ির পেছনে হরিপদ পৈতৃক সূত্রে পাওয়া নিজের জমির সীমানা (আইল) পরিষ্কার করছিলেন। এ সময় প্রতিবেশী তার স্ত্রী, ছেলেসহ কয়েক জনকে নিয়ে হরিপদের ওপর হামলা চালায়।  এলোপাতাড়ি মারপিট শুরু করলে হরিপদ মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন ছুটে এসে তাকে ডিমলা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী লক্ষ্মীবালা বলেন, আমার স্বামীকে মারপিটের পর আবারও বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ। তারা আমাদের মারপিট করে মেয়ের বিয়ের জন্য জমানো ৫ লাখ টাকা, স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে আট জনকে নামীয় ও পাঁচ/ছয় জন অজ্ঞাত ব্যক্তির নামে ডিমলায় থানার হত্যা মামলা দায়ের করেছেন।

ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে জেলার মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্ত্রী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে শুক্রবার এজাহার নামীয় হাবিবুর রহমান (২৭) ও মারুফা বেগমকে (২৩) গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।