মাদারীপুর হাসপাতালের লিফট বন্ধ চার দিন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের একমাত্র লিফটটি চার দিন যাবত্ বন্ধ রয়েছে। ফলে এ হাসপাতালে ভর্তি করোনা রোগীদের বিশেষ করে বয়স্ক করোনা রোগীদের পঞ্চম ও ষষ্ঠ তলায় উঠা-নামা করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে জরুরি ভিত্তিতে লিফটি মেরামত করারও তেমন উদ্যোগ নেই। ২৫০ শয্যা হাসপাতালটিতে কোনো র্যাম নেই। ফলে পায়ে হেঁটেই পাঁচ/ছয় তলায় উঠা-নামা করতে হচ্ছে রোগীসহ সংশ্লিষ্টদের। গত ৬ জুলাই একমাত্র লিফটি অচল হয়ে যাওয়ায় ছয় তলাসহ অন্যান্য ফ্লোরে উঠা-নামা করতে সংশ্লিষ্টদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলাম। নাম প্রকাশ না করার শর্তে একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, র্যাম না থাকায় রোগীসহ অন্যদের পাঁচ/ছয় তলায় উঠা-নামা করতে হাপিয়ে যেতে হচ্ছে। মাদারীপুরে লিফট মেরামতের কোনো লোক নেই। ব্যাপারটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উল্লেখ্য, ২৫০ শয্যা এ হাসপাতালটি নির্মাণের সময় প্রকৌশলীসহ স্থানীয়রা লিফটের পাশাপাশি বিকল্প হিসেবে র্যাম স্থাপনের জন্য আবেদন জানিয়েও ব্যর্থ হয়েছেন।