শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের কঠেশ্বার বন টহল ফাঁড়ির অফিস সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে শুক্রবার ভোরে ট্রলারসহ ৯ জেলেকে আটক করেছে বন বিভাগ সদস্যরা। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক জেলেরা হলেন— শাহ আলম, আজহারুল গাজী, সামাদ খাঁ, তরিকুল, নুরে আলম, রবিউল, হেলাল শেখ, হযরত শেখ ও শহিদুল গাজী। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, প্রজনন মৌসুমে সুন্দরবনে অভয়ারণ্য অঞ্চলে অবৈধভাবে মাছ ধরার সময় ৯ জেলেকে আটক করা হয়। এ সময় জেলেদের ব্যবহূত একটি ট্রলার ও ১২০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে কৈখালি স্টেশন কর্মকর্তা মোবারক হেসেন জানান, শুক্রবার সকালে সুন্দরবনের চকোবর খাল এলাকা থেকে গরান কাঠ কেটে পাচারকালে নৌকাসহ কাঠ জব্দ করেছেন কৈখালি স্টেশনের বন সদস্যরা। এ সময় বন বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, কাঠ পাচারের খবর গোপনে জানতে পেরে অভিযান চালিয়ে দুটি নৌকাসহ দুই শতাধিক মণ গরান কাঠ জব্দ করা হয়। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে।